জাবির সিন্ডিকেটে রাষ্ট্রপতি মনোনীত নতুন দুই সদস্য
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৫২ অপরাহ্ন | শিক্ষা
মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি):
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিন্ডিকেটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মনোনীত সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে দুইজন অধ্যাপককে।
বুধবার (২১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিন্ডিকেটের নতুন সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাবেক ডিন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম।
সিন্ডিকেটে নিয়োগ পাওয়ায় নিজের অনুভূতি ব্যাক্ত করে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, 'আমাকে সম্মান প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে এই সম্মান প্রদানের জন্য মাননীয় উপাচার্য প্রস্তাব করায় আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আমাকে একটি গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অংশীদার হওয়ার জন্য আমাকে এ দায়িত্ব দেয়ায় আমি অত্যন্ত খুশি। আমার যথাসম্ভব মেধা এবং সততার দিয়ে পূর্বের মত বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।'
অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম বলেন, "মহামান্য রাষ্ট্রপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মত অন্যতম বড় একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী বডির সদস্য মনোনীত করেছেন। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
প্রসঙ্গত, প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ২২ (১) (জি) ও ২২ (৩) ধারা অনুযায়ী দুইজন শিক্ষক-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে।

